
ফরিদপুর, ২ ডিসেম্বর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, “জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি থাকবে না। বাংলাদেশ প্রকৃত অর্থে দরিদ্র দেশ নয়; দুর্নীতি করেই দেশকে দরিদ্র করে রাখা হয়েছে।”
মঙ্গলবার বিকেল ৪টায় ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসমাবেশে শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “যারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করত তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে। যারা সত্যিকার দেশপ্রেমিক তারা পালায় না। সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে এক পয়সা দুর্নীতির অভিযোগও কেউ প্রমাণ করতে পারেনি।”
দেশ এখনো প্রকৃত স্বাধীনতা পায়নি উল্লেখ করে তিনি বলেন, “৪৭ পর থেকে বাংলাদেশ কেবল ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে। দুর্নীতিবাজ স্বপক্ষের শক্তিরাই দেশকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।”

নারীদের অধিকার নিয়ে অপপ্রচারের জবাবে এ টি এম আজহার বলেন, “অনেকে দাবি করে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা ঘরে আবদ্ধ থাকবে। অথচ আমাদের নারীরা ঘরের বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।”

সমাবেশে তিনি ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।